আমতায় টোটো বাস সংঘর্ষ মৃত শিশু
দি নিউজ লায়ন ; টোটোয় চেপে মেলায় যাওয়ার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম সাইনা খাতুন (৭) বারি আমতার দেওড়া এলাকায়। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আমতা ঝিকিরা রোডে গগন হরি তলায়। দুর্ঘটনায় টোটোর ৭ যাত্রী আহত হয়েছে তাদের মধ্যে ২ অবস্থা আশঙ্কাজনক। একজন উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে অন্যজন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেলে একটি টোটো চেপে সাইনা সহ ৮ জন চন্দ্রপুর এলাকার মাজারের মেলা দেখতে যাচ্ছিল। অভিযোগ টোটোটি গগন হরি তলার কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে ধাক্কা মারে। দুর্ঘটনায় টোটো উল্টে গেলে যাত্রীরা নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইনাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা আমতা ঝিকিরা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Post a Comment